সুন্দরবনের দুবলার চরের নীল বাড়িয়া থেকে আট কেজি হরিণের মাংসসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছেন বনরক্ষীরা। আজ সোমবার সকাল ১১টার দিকে বাগেরহাটের শরণখোলা স্মার্ট টিমের সদস্যরা ট্রলারসহ ওই মাংস জব্দ করেন।
এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারি দল পালিয়ে যায়। উদ্ধার হওয়া হরিণের মাংস মাটি চাপা দেয়া হয়েছে বলে জানান দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
তিনি বলেন, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম-২ এর সদস্যরা সোমবার সকালে দুবলারচর এলাকার নীলবাড়ীয়া খালে টহল দেয়ার সময় একটি চলন্ত ট্রলার দেখতে পান। বনরক্ষীরা সেটিকে ধাওয়া করে থামাতে বললে শিকারিরা ট্রলারটি বনে ভিড়িয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে একটি হরিণের চামড়া, আট কেজি হরিণের মাংস ও দুই শতাধিক মাছ ধরার বড়শি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে জব্দকৃত ট্রলার দুবলা ফরেস্ট অফিসে রাখা হয়েছে এবং মাংস কেরোসিন দিয়ে বনে মাটি চাপা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।