বগুড়ায় যমুনায় নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার

যমুনা নদীতে গোসল করতে নেমে ভাই ও বোন নিখোঁজ হয়। তারা চরবাটিয়া গ্রামের মুশিদুল ইসলামের ছেলে-মেয়ে।

বগুড়ার সারিয়াকান্দির যমুনায় নিখোঁজ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম নীরা আক্তার ও জিসান। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় প্রথমে বড় বোন ও বেলা সাড়ে ১০টায় ছোট ভাইয়ের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

বগুড়ার সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ফয়েজ উদ্দীন বলেন, গতকাল বিকাল ৩ টায় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর যমুনায় নিখোঁজ শিশুদের খুঁজতে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরিদলকে ফোন করি। তারা সকালে উদ্ধার অভিযান শুরু করে। তাদের চেষ্টায় সকাল সাড়ে ৭টায় মেয়েকে এবং সাড়ে ১০টায় ছেলেকে মৃত অবস্থায় যমুনা নদী থেকে উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, যমুনায় নিখোঁজ শিশুদের উদ্ধারে সারিয়াকান্দি থানা পুলিশ ডুবুরিদলকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে। বেলা ১১ টার পর তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে থাকা মশিদুল সরকার জানান, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল নীরা। আর জিসান স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। তারা দুইজনই সাঁতার জানতো। নিরা আক্তার গ্রাম থেকে খেয়া নৌকা যোগে যমুনা নদী পাড়ি দিয়ে উপজেলা সদরের মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে যেত। আবার স্কুল শেষে নৌকা করেই বাড়ি ফিরত। পরিবারে এখন স্ত্রী নাজমা বেগম ও বড় ছেলে নিরব মিয়া রয়েছে। 

এর আগে সোমবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে ভাই ও বোন নিখোঁজ হয়। তারা চরবাটিয়া গ্রামের মুশিদুল ইসলামের ছেলে-মেয়ে।


আরও