বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাথমিক সফরসূচির খসড়া অনুযায়ী, আগামী ১৭ জুলাই বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে আয়োজিত এলডিসি উত্তরণবিষয়ক একটি রিসেপশনে (আনুষ্ঠানিক নেটওয়ার্কিং ও মতবিনিময়ভিত্তিক কূটনৈতিক সমাবেশ) তিনি বক্তব্য রাখবেন।
প্রাথমিক সফরসূচি অনুযায়ী, ১৪-১৯ জুলাই নিউইয়র্ক সফরে থাকবেন বাণিজ্যমন্ত্রী। সফরকালে জাতিসংঘে জি-৭৭ ও চীনের চেয়ার এবং উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি লরা দুপুই লাসেরে, জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরোস লামব্রিনিদিস, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সভাপতি লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহসভাপতি ও জাতিসংঘে আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি আমার বেনজামার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
সফরসূচির খসড়ায় উল্লেখ করা হয়েছে, এলডিসি উত্তরণবিষয়ক রিসেপশনটি মূলত ১৫ জুলাই আয়োজনের পরিকল্পনা ছিল। তবে এলডিসি গ্রুপের চেয়ারের অনুপস্থিতির কারণে সেটি পিছিয়ে ১৭ জুলাই নির্ধারণ করা হয়েছে। ওই রিসেপশনে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, বাণিজ্য সুবিধার ধারাবাহিকতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং উত্তরণ-পরবর্তী প্রস্তুতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বাণিজ্যমন্ত্রী।
বণিক বার্তা নিশ্চিত হয়েছে, এ সফরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ সভাপতিও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এলডিসি উত্তরণ-সংক্রান্ত কর্মসূচিতে অংশ নিতেই তার এ সফর। প্রাথমিক সফরসূচি অনুযায়ী, সফরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, ফুটওয়্যার লেদারগুডস অ্যান্ড এক্সেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সভাপতি এবং ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাসের ইকোনমিক মিনিস্টারও সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে। ১৯ জুলাই প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।