মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণসামগ্রীসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে বাংলাদেশী পণ্যের বিনিময়ে মিয়ানমার হতে ইয়াবা, মদসহ অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করার তথ্য পেয়েছে তারা। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহজনক ফিশিং ট্রলারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫২০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়।
আটক অপর দুজন
অন্যদিকে, সোমবার রাত ৯টার দিকে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা কর্ণফুলি নদীর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযানে অংশ নেয়। সেখানে একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২২০ বস্তা সিমেন্ট, ২০০ পিস ইট এবং ৩ হাজার কেজি লোহার রডসহ দুজনকে আটক করা হয়। এসব সামগ্রীর বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৭ হাজার টাকা।
আটক ব্যক্তিদের সঙ্গে থাকা নৌযান ও জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।