ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধ, গণহত্যা, ব্যাপক ধ্বংসযজ্ঞ, এবং মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স কনসর্টিয়াম (ইউটিসি)। আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে ঢাবির ইন্টারন্যাশাল বিজনেস ডিপার্টমেন্টের প্রফেসর কামরুল হাসান বলেন, ফিলিস্তিন আমাদের উম্মাহর প্রতীক। ফিলিস্তিনের ভাইদের প্রতি আমাদের পাশে দাঁড়ানো শুধু নৈতিক দায়িত্ব নয় বরং ঈমানি দায়িত্ব।
ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুস্তফা মনজুর বলেন, ১৯৭২ সালে পাসপোর্টে প্রথম 'ইসরায়েল ব্যতীত' (এক্সেপ্ট ইসরায়েল) যুক্ত করা হয়। কিন্তু রাজনৈতিক কারণে পরে তা সরিয়ে নেয়া হয়। এখন আমাদের দেশের পাসপোর্টে দ্রুত 'ইসরায়েল ব্যতীত' বিষয়টি ফিরিয়ে আনতে হবে।
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড আবু সাঈদ বলেন, ফিলিস্তিনিদের ওপর যে নৃশংস বর্বরতা সংঘটিত হচ্ছে এটা ইতিহাসের এক নির্মম দায়। আমেরিকার প্রত্যক্ষ মদদে এ অপরাধ সংঘটিত হচ্ছে। আমেরিকাকে এর দায় স্বীকার করতে হবে।
ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর আরিফুল ইসলাম অপু বলেন, আমাদেরকে ফিলিস্তিনের ভাইদের পাশে থাকতে হবে। এ বর্বরতার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের জীবন যতদিন আছে ততদিন আমরা এর বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা অব্যাহত রাখব।
এ সময় ইউটিসির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো আগামী ১৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ঢাবির বটতলায় 'আরব নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহ্বান' শীর্ষক মানববন্ধন, ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢাবির ভিসি চত্বরে 'পণ্য বয়কট ও আমাদের করণীয়' শীর্ষক মানববন্ধন, ১৫ এপ্রিল দুপুর ১২টায় টিএসসিতে প্রতিবাদ র্যালি ও ১৭ থেকে ১৯ এপ্রিল ঢাবির টিএসসি, কার্জন হল ও মল চত্বরে প্রদর্শনী ও গণ-স্বাক্ষর অভিযান।