ক্র্যাবের বিবৃতি

আইজিপির বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি

মাদক নির্মূলে পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনই পুলিশের কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন সাংবাদিকতার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। অন্যথায় দেশের অন্য সাংবাদিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

এর আগে, সোমবার পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’আইজিপির এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্র্যাব নেতারা বলেন, পুলিশের সর্বোচ্চ পদে আসীন একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।

বিবৃতিতে তারা বলেন, মাদক নির্মূলে পুলিশের কার্যকর ভূমিকা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনই পুলিশের কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন সাংবাদিকতার ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেয়ার অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া যেতে পারে। তবে প্রমাণ ছাড়া সামগ্রিকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়।

ক্র্যাব নেতারা আরো বলেন, পুলিশের কার্যক্রমসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, অনিয়ম-দুর্নীতি তুলে ধরা এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয় জনগণের সামনে উপস্থাপন করা সাংবাদিকদের দায়িত্ব। পুলিশের কার্যকারিতা নিয়ে সাংবাদিকদের প্রতিবেদন বা সমালোচনাকে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ না পাওয়ার প্রতিক্রিয়া হিসেবে চিত্রিত করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।এ ধরনের মন্তব্য জনমনে সাংবাদিকদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ক্র্যাব নেতারা আইজিপির বক্তব্যটি অবিলম্বে প্রত্যাহার এবং এ বিষয়ে দায়িত্বশীল অবস্থান নেয়ার আহ্বান জানান। অন্যথায় সাংবাদিকদের মর্যাদা, স্বাধীনতা ও পেশাগত অধিকার রক্ষায় দেশের অন্য সাংবাদিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।

আরও