শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত

প্রায় তিন মাস পর ভেসে উঠল রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

দুপুরে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে পানি পুরোপুরি নেমে গেছে এবং সেখানে সংস্কার কাজ শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে সেতুর বিভিন্ন অংশে রঙ করার কাজ চলবে।

দীর্ঘ প্রায় তিন মাস পানিতে নিমজ্জিত থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙ্গামাটির ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত পর্যটন ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কাপ্তাই হ্রদের পানি সেতুর পাটাতনের ওপর থেকে পুরোপুরি নেমে যায়। তবে এখনো সেতুর নিচে হ্রদের পানি পাটাতনের খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

দুপুরে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে পানি পুরোপুরি নেমে গেছে এবং সেখানে সংস্কার কাজ শুরু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে সেতুর বিভিন্ন অংশে রঙ করার কাজ চলবে।

সেতুতে ঘুরতে আসা কয়েকজন পর্যটক জানান, তারা জানতেন না সেতুটি এতদিন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে ছিল। এখানে আসার পর জানতে পেরেছেন যে আজ সকালেই সেতুর ওপর থেকে পানি নেমে গেছে।

পর্যটন ঝুলন্ত সেতুর টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত মো. সোহেল বলেন, প্রায় তিন মাস পর সেতুর ওপর থেকে পানি নেমেছে। সকাল থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আর আগামীকাল শুক্রবার থেকে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে।

ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি জোনের পরিদর্শক মো. ইমাম হোসেন বলেন, দীর্ঘদিন পর রাঙ্গামাটির প্রতীক হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু আবারো ভেসে উঠেছে। এরই মধ্যে পর্যটকরা আসা শুরু করেছেন। আর তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদের পানির কারণে প্রায় তিন মাস ঝুলন্ত সেতুটি ডুবে ছিল। গতকাল পানি কমতে শুরু করে। আজ সেতুটি সম্পূর্ণভাবে ভেসে উঠেছে।

তিনি জানান, ছোটখাটো মেরামত ও রঙ করার কাজ শেষ হলে শুক্রবার থেকেই সেতুটি সাধারণের জন্য খুলে দেয়া হবে।

গত ৩০ জুলাই কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে পর্যটন ঝুলন্ত সেতুটি পানির নিচে ডুবে যায়। ৮৬ দিন পর আজ সেটি ভেসে উঠেছে। আগের বছরগুলোতে দুই-একবার সেতুটি স্বল্প সময়ের জন্য পানিতে ডুবে থাকলেও এবারই দীর্ঘ সময় ধরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও