বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। জনগণ এসব আচরণ আর বরদাস্ত করবে না। সোমবার (১০ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, কিছু দল আছে যারা নির্বাচন চায় না। তারা ইচ্ছে করেই দেশে অস্থির অবস্থা তৈরি করছে। কারণ নির্বাচনে অংশ নিলে পরাজিত হওয়ার ভয় তাদের আছে।
তিনি আরো বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে দেশের উন্নয়ন সম্ভব। এখন কিছু দল বিভেদ সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
জামায়াত ইসলামী প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারা বলে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু পিআর কী, তা বেশিরভাগ মানুষই জানে না। আমরা ভোট দিতে চাই দল ও প্রার্থীকে। কোনো জটিল পদ্ধতিতে নয়। জনগণ যেটা বোঝে না, সেটা আমরা মেনে নিতে পারি না।
সভায় তিনি বিএনপি ক্ষমতায় এলে রুহিয়া থানাকে উপজেলা ঘোষণার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকার রাস্তা-ঘাট, মসজিদ ও মন্দিরে উন্নয়ন, ফ্যামিলি কার্ড এবং কর্মসংস্থানের ব্যবস্থার কথাও বলেন তিনি। এজন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল আরো বলেন, এটাই তার শেষ নির্বাচন হতে পারে। তাই জনগণকে সঠিক সিদ্ধান্ত নিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।