নেত্রকোনায় কাবিখার চাল বিক্রির ঘটনায় উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ

সরকারি কাবিখার চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান রাব্বানী জব্বারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে আওয়ামী লীগসহ এলাকাবাসী।

সরকারি কাবিখার চাল অবৈধভাবে বিক্রির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান রাব্বানী জব্বারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে আওয়ামী লীগসহ এলাকাবাসী।

গতকাল বিকালে খালিয়াজুরী সদরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অজিত বরণ সরকার ও  সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। এতে কাবিখা কর্মসূচির প্রকল্প কমিটির কাছ থেকে চাল কিনে বিক্রি করার অভিযোগে রাব্বানী জব্বারের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়েছে।

জানা যায়, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে খালিয়াজুরী উপজেলা সদরের ধনু নদের ফেরিঘাট এলাকা থেকে ৩৫৪ বস্তা চাল আটক করে স্থানীয় প্রশাসন। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় পাঁচটি প্রকল্পের নামে খাদ্য গুদাম থেকে তোলা এ চাল অবৈধভাবে কিনে নিয়ে যাচ্ছিলেন নেত্রকোনা সদরের চল্লিশা এলাকার লুৎফর রহমান নামে একজন চাল ব্যবসায়ী। এ সময় জনতার সহায়তায় পুলিশের হাতে তিনি আটক হন। 

পরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এ চাল কেনার দায়ে রাতেই ব্যবসায়ী লুৎফরকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম সারোয়ার। এ সময় লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক লিখিত বক্তব্যে জানান, তিনি খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান রাব্বানী জব্বারের কাছ থেকে এ চাল কিনেছেন।

আরও