একদিনে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। একই সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন। এ সময় মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছে ৩১৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৬৫ জন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে এসেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভর্তি হয়েছে ১৯৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৮৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৮, খুলনা ১৯১, ময়মনসিংহ ১৮৪, রাজশাহী ৯৭, বরিশাল ১৯৬, রংপুর ৭১ ও সিলেট বিভাগে ১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ১৮ হাজার ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে এর পরই রয়েছে খুলনা, যেখানে ভর্তি হয়েছে ১৬ হাজার ৩৬৪ জন।

চলতি বছরের সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৭৭৪ জন। ১৩ অক্টোবর পর্যন্ত ভর্তি হয়েছে ২৩ হাজার ৭৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের পাশাপাশি চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যাও উল্লেখ করা হয়েছে। এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৯৬৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র পেয়েছে ৯৭ হাজার ২৯৬ জন। একই সময় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬।

আরও