চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মিয়ানমারের নাগরিক মো. রফিকের ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইঞার আদালত এ রায় দেন।
মামলায় রায় হলেও আসামি রফিক পলাতক। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ জানুয়ারি নগরীর কোতোয়ালী থানার লালদিঘীর পূর্ব পাড়ে প্রাইম ব্যাংকের সামনে থেকে রফিককে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সিরাজুল ইসলাম এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। ২০২০ সালের ৩ নভেম্বর চার্জ গঠন করা হয়। মামলায় ছয় জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদক মামলায় মিয়ানমারের নাগরিক আসামি মো. রফিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সপ্তাহে হাইকোর্ট থেকে জামিন নিলেও আজ আদালতে হাজির হননি রফিক।