উচ্চ শিক্ষা পর্যায়ে শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জনই নয়; পাশাপাশি সমাজ ও দেশের প্রতি নিজেদের দায়িত্ব এবং দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনএসইউ প্লাজায় গতকাল আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এনএসইউ দীর্ঘদিন ধরে দেশের উচ্চ শিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা মূলত পাঠ্যভিত্তিক শিক্ষায় বেশি সময় ব্যয় করে। কিন্তু উচ্চ শিক্ষার পর্যায়ে তারা অনেক বেশি স্বাধীনতা ও সিদ্ধান্ত নেয়ার সুযোগ পায়। তাই এ সময়ে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সমাজ ও দেশের প্রতি নিজেদের দায়িত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে।’ পাশাপাশি বুদ্ধিমত্তার সঙ্গে সচ্চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে নিজেদের গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এমএ কাশেম বলেন, ‘মেধাবী তরুণীরা যেন বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য বিদেশমুখী না হয়ে দেশেই আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষার সুযোগ পায়, সেই লক্ষ্য থেকেই এনএসইউ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছিল।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আজকের শৃঙ্খলা, পরিশ্রম ও নিষ্ঠাই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।’
সভাপতির বক্তব্যে এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, নিজেদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করতে হবে। পাশাপাশি একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন। অনুষ্ঠানে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম। এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউর উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ফলাফলের জন্য ১৪ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৮৩ জনকে বিভিন্ন হারে বৃত্তি দেয়া হয়।