খায়রুল কবির খোকন

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচারী হাসিনা ও তার দল আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেছে, গুম খুনের রাজনীতি করেছে। নির্বিচারে এ দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের হত্যা করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদ থেকে শুরু করে নরসিংদীর তাহমিদসহ সারা দেশে ১ হাজার ৫৮১ জন মানুষ শহীদ হয়েছেন। তাই এত মানুষের রক্ত মাড়িয়ে খুনি, স্বৈরাচারী হাসিনার জায়গা আর বাংলাদেশের মাটিতে হবে না।

শনিবার (২ নভেম্বর) বিকালে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে আহত, কারাবরণকারী, মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি কোনো বিদ্বেষ-প্রতিহিংসার রাজনীতি করে না। তাই গুমের ইতিহাসের পুনরাবৃত্তি আর ঘটবে না। আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না। বৈষম্যহীন, মানবিক মর্যাদা, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টুসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও