আনন্দ-আড্ডা, স্মৃতিচারণসহ দিনভর নানা আয়োজনে গাজীপুরে হয়ে গেল আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বস্ত্র ও প্রকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান। এ সময় হারানো দিনের বন্ধু, বড় ভাই-বোনদের কাছে পেয়ে আত্মহারা হয়ে পড়েন কেউ কেউ। বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি নিয়ে আবেগতাড়িত হন অনেকেই।
গতকাল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার স্থানীয় একটি রিসোর্টে আয়োজিত পুনর্মিলনীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পোশাক শিল্পের উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার কর্মজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল রাহাত খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এমএ রহিম, একেএইচ নিটিং অ্যান্ড ডাইং কারখানার ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম, এসএম সোর্সিংয়ের ফাউন্ডার মির্জা শামস মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আধুনিক ও শিল্পনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল অ্যালামনাই কাজ করে যাচ্ছে। এখান থেকে বের হয়ে টেক্সটাইল এক্সপার্টরা সব জায়গায় ভালো করছে।’