দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ মে) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো কমিশনের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল উদ্দেশ্য বলে দুদক জানিয়েছে।