ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী

এ অধিবেশনে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার

সালাহউদ্দিন আহমদ জানান, অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতির ভাষণ হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। খবর বিবিসি বাংলা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে আগামী ১২ মার্চ। সংসদের অধিবেশন আহ্বান নিয়ে (প্রধানমন্ত্রীর সঙ্গে) আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন দেবেন অধিবেশনের ১৫ দিন আগে।

তিনি আরো বলেন, জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে পরামর্শের জন্য। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অধিবেশনে কী কর্মসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতির ভাষণ হবে।

আরও