কক্সবাজার শহরের একটি হোটেলের বারে বাক-বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের দোতলায় অবস্থিত একটি বারে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, নিহত সালমান শহরের বিজিবি ক্যাম্প এবং নাজিবুল হক রাশেদ নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নাজিবুল হক রাশেদসহ কয়েকজন যুবক রেনেসাঁ হোটেলের বারে বসেছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা ও ঝগড়া শুরু হয়। পরে এক পক্ষ বাইরে থেকে আরো কয়েকজনকে ডেকে আনে। তারা বারে ঢুকে রাশেদের ওপর হামলা চালায়।
ঝগড়ার এক পর্যায়ে রাশেদকে ছুরিকাঘাত করা হয়। এতে তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১২টার দিকে ফিশারিঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোলাইমানকে আটক করে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ আলী বলেন, রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অহিদুর রহমান জানান, বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
তিনি আরো বলেন, কীভাবে ঘটনার সূত্রপাত এবং সংঘর্ষে কারা জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত সংগ্রহ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বারটি বন্ধ রাখতে বলা হয়েছে। ঘটনার সময় বারের নিরাপত্তাব্যবস্থা ও প্রবেশ নিয়ন্ত্রণে কোনো ঘাটতি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।