নেত্রকোনার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শাহীনুর আলম আকন্দ (৪৭) নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের বামনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শাহীনুর আলম আকন্দের বাড়ি খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামে। তিনি নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দায়িত্বশীল এ কর্মকর্তা ২০২১ সাল থেকে কলমাকান্দা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে তিনি মোটরসাইকেলে করে নেত্রকোনা থেকে কর্মস্থল কলমাকান্দার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বামনী এলাকায় পৌঁছামাত্রই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে উপজেলা প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এক শোকবার্তায় বলেন, শাহীনুর আলম আকন্দের মৃত্যুতে উপজেলা প্রশাসন গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।