খুলনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইশান (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পর খালিশপুর ফেয়ার ক্লিনিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে ইশানের মৃত্যু হয়।
নিহত ইশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। পুলিশ জানায়, পেটকা বাজার এলাকায় স্থানীয় দুই কিশোর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ ইশানের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় আরেকজন ছুরিকাঘাতে আহত হন।
স্থানীয়রা আহত ইশানকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ড তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে। এরই মধ্যে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।