সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে কয়েকটি গ্রামের ২১ জন মুসল্লি।
জামাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিশুসহ ২০-২১ জন মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।
আজ সকাল সাড়ে ৯টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার ব্যক্তিমালিকানাধীন একটি ভবনের ছাদে এ ঈদ নামাজ আদায় করেন।
নামাজে ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ।
আজ সকাল থেকে জেলায় মষুলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই গাইবান্ধা সদর,পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হেঁটে, বাইসাইকেল, মোটরসাইকেল নিয়ে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হন মুসল্লিরা। পরে তারা একটি ভবনের ছাদে নামাজ আদায় করেন।
নামাজে আসা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হারুন মিয়া (৫০), আব্দুল রাজ্জাক (৪৫), শাহিন মিয়া (৫৫) বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে এখানে আসছি। এভাবেই ১৬ বছর যাবত ঈদের নামাজ পড়ে আসছি।
পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্ধা গ্রামের ইউনুস সরকার (৬৫) বলেন, আমাদের গ্রামের ৫-৬টি পরিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি। নামাজ শেষে দুটি পশু কোরবানি করা হবে।