নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর রিজভী (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী ও শিশুর স্বজনরা।
শিশু রিজভী উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার সৌদি আরব প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে। সে ঝাউচর নানার বাড়িতে মা মিমের সঙ্গে বেড়াতে এসেছিল।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামে শাহী মসজিদের পেছনে খেলতে গিয়ে মেঘনার শাখা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশু রিজভী। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর মন্ডল পাড়ার ফায়ার (ডুবুরি) সার্ভিসের একটি দল সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত খুঁজেও তার সন্ধান পায়নি।
এদিকে উদ্ধারের পর শিশুটির মরদেহ বাড়িতে নেয়ার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার রাত ১০ টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা পানিতে অনেক খোঁজাখুঁজির পরও রিজভীকে উদ্ধার করতে পারেনি নারায়ণগঞ্জ মন্ডল পাড়ার ফায়ার সার্ভিস। পরে শুক্রবার সকালে নিজেরাই ইঞ্জিনচালিত নৌকা নিয়ে খুঁজতে শুরু করলে আষারিয়ারচর ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পান।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, শিশু নিখোঁজ ও মরদেহ উদ্ধারের বিষয়টি কেউ তাদের অবগত করেনি। পানিতে ডুবে মারা গেলে কারো কোনো অভিযোগ না থাকলে সামাজিকভাবে মরদেহ দাফন করতে পারবে।