ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে ফারুক নামে একজনকে গ্রেফতার করে সড়কে ঘুরিয়েছে পুলিশ। এ সময় চাঁদাবাজদের ধরিয়ে দিতে মাইকিংও করা হয়। রোববার রাজধানীর মোহাম্মাদপুরের বসিলা এলাকায় সিটি হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রেফতারের পর ফারুককে সঙ্গে নিয়ে ওই এলাকার বিভিন্ন সড়কে ঘুরেন পুলিশ সদস্যরা। এ সময় হ্যান্ডমাইকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, চাঁদাবাজকে ধরেছি। আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ চাঁদা চাইতে এলে ধরে আমাদের খবর দেবেন।
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার বিকালে কেরাণীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুক ওরফে কালা ফারুক নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুরের বসিলা এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদা চেয়ে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। এরকম কয়েকটি ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফারুক আত্মগোপনে যান। এ নিয়ে সমালোচনার মধ্যে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করল পুলিশ।
ফারুক ও এলাকার চিহ্নিত চাঁদাবাজ মন্তব্য করে এ পুলিশ কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে তাকে (ফারুক) গ্রেফতারে কাজ শুরু করে পুলিশ। তাকে সঙ্গে নিয়ে এলাকায় আমরা মাইকিং করেছি। এর মাধ্যমে আমরা চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিয়ে চাই। অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।