এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে তিন সহযোগীসহ যশোর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। একই দিনে মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও পরে হবিগঞ্জের বাহুবল উপজেলার প্রবেশমুখে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। শ্রীমঙ্গলে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেও বাহুবলে গিয়ে আবারো আটকে পড়েন দলটির নেতারা। সেখানে বৃষ্টির মধ্যেই পুলিশি ব্যারিকেডের সামনে সড়কে অবস্থান নেন তারা।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জিএম সরফরাজ স্বাক্ষরিত আদেশে বলা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয় এনসিপি। একই সময় ও একই এলাকায় হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ আদেশে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এদিকে গতকাল বিকালে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা। শ্রীমঙ্গলের চা কন্যা ভাস্কর্য এলাকায় পুলিশ ট্রাক ও ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহর আটকে দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রায় ১ ঘণ্টা অচলাবস্থার পর এনসিপির নেতাকর্মীরা ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে রওনা হন। তবে বাহুবল উপজেলার মুছাই এলাকায় পৌঁছলে আবারো তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। এর প্রতিবাদে দলটির নেতারা ব্যারিকেডের সামনে সড়কে বসে অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে এনসিপির নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। হামলার জন্য বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে এনসিপি। ওই ঘটনার প্রতিবাদে গতকাল হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে দলটি। এর জবাবে বিএনপি ও ছাত্রদলও পৃথক কর্মসূচি ঘোষণা করলে শহরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে সংঘর্ষ এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

আরও