রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যে মারা যান এরা।
এদের মধ্যে ৫ জন করোনায় এবং ৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১৩ জনের মধ্যে আটজনের বাড়ি রাজশাহী জেলায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের চারজন এবং কুষ্টিয়ার একজন মারা গেছেন।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আজ বুধবার থেকে নিয়মিত সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে সংবাদ সম্মেলন করে প্রতিদিন করোনা ইউনিটের সার্বিক খবরাখবর গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরতেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ তিন জন করে মারা গেছেন ১ এবং ১৫ নম্বর ওয়ার্ডে। আইসিইউ ও ৩ নম্বর ওয়ার্ডে দুজন করে মারা গেছেন। এছাড়া একজন করে মারা গেছেন ২২, ২৫ ও ৩৯/৪০ নম্বর ওয়ার্ডে।
মৃতদের মধ্যে তিনজনই করোনার হটস্পট রাজশাহী জেলার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে দুজন এবং কুষ্টিয়ার একজন।
পরীক্ষা অনুপাতে রাজশাহীতে সবেচেয়ে বেশি ৪৩ দশমিক ৪৩ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নাটোরে ২৫ দশমিক ১৮ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৪ দশমিক ০৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।