নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শনিবার বিকালে নরোত্তম সরকার নামে (৫৫) এক জনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাঘান ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়নের মল্লিকপুর গ্রামের নরোত্তম সরকার কয়েকদিন আগে ঢাকায় তার ছেলের বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের রাউতপাড়ায় তার ভাগনের বাসায় অবস্থান করেন। কদিন ধরেই তিনি সর্দি-জ্বরে ভুগছিলেন।
সর্দি-জ্বরে আক্রান্ত করোনার উপসর্গ নিয়ে তার ভাগনে বৌ মিতু রানী তাকে শনিবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ময়মনসিংহ রেফার্ড করেন। এসময় করোনা সন্দেহে তার স্বজনরা ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যায়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবীর সরকার জানান, রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
কিন্তু তাকে ময়মনসিংহে না নিয়ে হাসপাতালের সামনে রেখে গেলে তিনি সেখানেই মারা যান। তার শরীরে করোনার উপসর্গ আছে কিনা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান ডা. সুবীর সরকার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, নিহতের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় রাতেই সৎকার করা হয়েছে।