পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগে অনিয়মের মাধ্যমে সরকারের ৮১ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন বহির্ভূত পদে জনবল নিয়োগ এবং ওই প্রক্রিয়ায় সাবেক উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
নথিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার সন্তোষ কুমার বসু পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এ অনিয়ম করেন বলে অভিযোগ উঠেছে।
এতে আরো বলা হয়, ইউজিসির অনুমোদনবহির্ভূত এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের অতিরিক্ত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে অবৈধভাবে বাছাই বোর্ডের সদস্যদের প্রভাবিত করা হয়। পরে উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দিতে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়।
নথিতে উল্লেখ করা হয়, এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করা হয়েছে, যা সরকারের আর্থিক ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ঘটনায় স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।