সেন্ট মার্টিনে বিকল ইঞ্জিনের ট্রলারসহ ৯ জেলে উদ্ধার

পরে বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে জানানো হয়। খবর পাওয়ার পর কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে

সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভাসতে থাকে। ট্রলারে থাকা জেলেরা বিপদের মুখে পড়েন।

পরে বিষয়টি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে জানানো হয়। খবর পাওয়ার পর কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

কোস্ট গার্ডের জাহাজ জয় বাংলা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান চালায়। অভিযানের সময় ইঞ্জিন বিকল ট্রলারসহ সেখানে থাকা ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর ট্রলারসহ জেলেদের তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সমুদ্রপথে যেকোনো দুর্ঘটনা মোকাবেলায় তাদের টহল ও উদ্ধার কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।

আরও