মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তাদের প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে ছয়জনকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওই ৬ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় সীমান্ত এলাকাটি ঘন কুয়াশায় ঢাকা ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক বাধা দেন। ফলে তারা বাংলাদেশে ঢুকতে পারেনি।
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন বলেন, ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। কুয়াশাচ্ছন্ন পরিবেশে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়নি।
তিনি আরো বলেন, ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল সাড়ে ৮টার দিকে তাদের ফিরিয়ে নেয়া হয়।
সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।