বরগুনায় আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা তিমি

বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি ভেসে এসেছে। আজ বুধবার সকালে তিমিটিকে দেখতে পেয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা এটি উদ্ধার করেন।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় বঙ্গোপসাগর থেকে জোয়ারের স্রোতে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা সেটিকে প্রথম দেখতে পায়। এ খবর ছড়িয়ে গেলে তিমি দেখতে নদীতীরে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে বন বিভাগের নিশানবাড়িয়া বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার করেন।

বন বিভাগ জানিয়েছে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে। এর নমুনা সংগ্রহ করে প্রজাতি শনাক্তের বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। তিমিটি কীভাবে মারা গেছে, তা এখনো জানা যায়নি।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, খবর পেয়ে বন বিভাগের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বিশাল আকৃতির তিমিটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ এড়াতে এটিকে মাটিচাপা দেয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কোস্টগার্ড সদস্যরাও সেখানে রয়েছেন। মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে।

আরও