অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাড়া দিয়ে ঢাকায় আসছে চীনের জরুরি মেডিকেল টিম। পাঁচ সদস্যের এ দলে রয়েছেন দগ্ধ-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় তারা ঢাকায় পৌঁছবেন। ঢাকার চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে দগ্ধ-রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে গঠিত চীনের জরুরি মেডিকেল টিম ২৪ জুলাই (আজ) সন্ধ্যায় ঢাকায় পৌঁছবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় পৌঁছে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।
চীনা দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া আরেকটি পোস্টে বলা হয়, ২৪ জুলাই সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশ জরুরি ভিত্তিতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির দ্বিতীয় সংযুক্ত হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল গঠন করে। দলটি বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে এক যৌথ ভিডিও কনসালটেশনে অংশ নেয়।
চিকিৎসকদের এ বৈঠকে চীনের দগ্ধ চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি রোগ ও শিশু শ্বাসতন্ত্র রোগের বিশেষজ্ঞরা অংশ নেন।
সম্প্রতি সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন এবং চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে দুই দেশের চিকিৎসকরা একযোগে আলোচনা করেন।