আগামী বছরের ডিসেম্বরে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য দেন মন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী আরো বলেন, রেলওয়েতে এখন অনেক প্রকল্প চলমান আছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন চলবে। আগামী বছরের মধ্যেই খুলনা-মোংলা রেললাইন চালু হবে। পদ্মা সেতু রেলসংযোগ সেতু উদ্বোধনের সময় মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত অংশ চালু করা সম্ভব হবে। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলসেতু, জয়দেবপুর থেকে জামালপুর ও জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্প, যাত্রীসেবা বৃদ্ধির জন্য ইঞ্জিন ও কোচ কেনার উদ্যোগের কথাও এ সময় বলেন মন্ত্রী।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শাহ আলম, অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস, প্রণব কুমার ঘোষ প্রমুখ।