টেকসই উন্নয়নে মালদ্বীপের সঙ্গে সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশের

হাইকমিশনার জলবায়ু কূটনীতি ও জলবায়ু কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি অভিঘাতে তরুণরা যেমন অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন, তেমনি উদ্ভাবন, সচেতনতা সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে

বাংলাদেশ সরকারের জলবায়ু কার্যক্রমের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে মালদ্বীপের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম। মালদ্বীপ আয়োজিত ইয়ুথ ট্র্যাক টু কপ ৩১ কর্মসূচিতে অংশগ্রহণ করে এ কথা বলেন ।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জ্বালানি মন্ত্রী আলী শরীফ।

কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু কার্যক্রমকে আরো অর্থবহ ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও ধারণা নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা হয়।

হাইকমিশনার তরুণ অংশগ্রহণকারীদের উৎসাহ, সৃজনশীলতা ও অঙ্গীকারের প্রশংসা করেন এবং আরো টেকসই, সহনশীল ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

হাইকমিশনার উল্লেখ করেন, বাংলাদেশ ও মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন অভিন্ন ঝুঁকি ও চ্যালেঞ্জের সম্মুখীন। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, পরিবেশগত অবক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত—উভয় দেশের উন্নয়ন ও জনগণের জীবনের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলছে। এসব অভিন্ন চ্যালেঞ্জ জলবায়ু অভিযোজন, পরিবেশ সংরক্ষণ, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আরো ঘনিষ্ঠ সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

‘ইয়ুথ ট্র্যাক টু কপ ৩১’ কর্মসূচি আয়োজন এবং তরুণদের নিজেদের মতামত ও ভাবনা তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক জলবায়ু এজেন্ডায় অবদান রাখার একটি অর্থবহ প্লাটফর্ম তৈরি করায় ইউনিসেফ মালদ্বীপকে বাংলাদেশ হাইকমিশন আন্তরিকভাবে প্রশংসা ও ধন্যবাদ জানায়।

হাইকমিশনার পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে জলবায়ু অংশীদারত্ব আরো গভীর ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে এবং পরিবেশগত স্থায়িত্ব, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে মালদ্বীপ সরকার এবং সংশ্লিষ্ট জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও