কক্সবাজারের রামুতে নিখোঁজের তিনদিন পর বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তোলাতলী নাপিতের চর এলাকার একটি খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
মৃত বিবিশন বড়ুয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহজাহান মনির।
পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে বিবিশন বড়ুয়া নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও পরিচিতজনেরা তাকে একজন পরিচ্ছন্ন, পরিশ্রমী ও সামাজিক মানুষ হিসেবে জানতেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহজাহান মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিবিশন বড়ুয়ার মৃত্যুর প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে।