ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে মা-ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও অভিযানে সহযোগিতাকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে কুমারখালী-জাঙ্গালিয়াসংলগ্ন নদী এলাকায় এ হামলায় সাতজন আহত হয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়াসংলগ্ন এলাকায় পৌঁছলে ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা একদল ব্যক্তি তাদের গতিরোধ করে। একপর্যায়ে ওই ব্যক্তিরা অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাসসহ ৭জন আহত হন।