২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে।
এদিকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক ও প্রটোকল-সংক্রান্ত ক্ষেত্রে মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। বঙ্গভবনে তিনি গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর সরাসরি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পরিদর্শনে যান। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে দীনেশ ত্রিবেদী ঘোষণা দেন, ২৮ জুন বাংলাদেশীদের জন্য আবার পর্যটন ভিসা দেয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এ ভিসা আবার চালু হচ্ছে বলেই তিনি ইঙ্গিত দেন।
লিখিত বক্তব্যে দীনেশ ত্রিবেদী বলেন, ‘পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে ২৮ জুন। জরুরি চিকিৎসা ও মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা কার্যক্রম চলবে আগের মতোই। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাঁচটি কেন্দ্রে ভিসা কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে অন্যান্য শহরেও তা সম্প্রসারণ করা হবে। আর এ সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।’
লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের নতুন হাইকমিশনার জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশীদের সঙ্গে সাক্ষাতের সময় সবচেয়ে বেশি যে প্রশ্নটি তিনি শুনেছেন, তা ছিল ভিসা নিয়ে। সে কারণেই দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ভিসা কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েছেন। চিকিৎসার জন্য ভারতে যাওয়া বহু বাংলাদেশী রোগী ও তাদের পরিবারের দুর্ভোগের বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
আইভ্যাকে গিয়ে আবেদনকারীদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী এবং শিশু ও বয়স্কদের জন্য সুবিধা আরো বাড়ানোর বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলেও জানান। হাইকমিশনার হিসেবে এটিই তার প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এ ঘোষণা দিতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিত ভিসা কেন্দ্র পরিদর্শন করে আবেদনকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ করবেন বলে জানান তিনি।
ভারতের সাবেক রেলমন্ত্রী, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক এমপি ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিলে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বাংলাদেশে আসেন ৫ জুন। গুজরাটের ছেলে দীনেশ ত্রিবেদী দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা রাখেন।