হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন। শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় পাঁচজন, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৬৬ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৫৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ তিন হাজার ৮৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

আরও