রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ একজন গ্রেফতার

গ্রেফতারকৃত সাগরের নামে পূর্বে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করেছে।

রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ালসহ সাগর শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃত সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা এলাকার খোকন শেখের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে রাজবাড়ীর আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সাগর শেখের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল ( ইউএসএ-৭.৬২) একটি তাজা গুলি, একটি গুলির খোসা, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি সুজুকি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃত সাগরের নামে পূর্বে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

আরও