গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
শ্রমিকরা জানান, তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে ১৮ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। পরে সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিস দেখে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।
হাইওয়ে পুলিশ জানায়, সাভারের উলাইল এলাকার এইচআর টেক্সটাইল মিলস অ্যান্ড ডায়িং কারখানার শ্রমিকদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন পরিশোধের দাবি জানালে সময়ক্ষেপণ করে আসছিল মালিকপক্ষ। গতকাল বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কিন্তু এদিন কারখানায় এসে শ্রমিকরা লে-অফের নোটিস দেখতে পান। পরে তারা মহাসড়ক অবরোধ করেন। পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার ঘোষণা দিলে শ্রমিকরা দুপুর পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান জানান, জ্বালানি সংকট, আকস্মিক অর্থনৈতিক বিপত্তি, কাঁচামাল এবং কার্যাদেশের অভাবসহ মালিকের নিয়ন্ত্রণ-বহির্ভূত বহুবিধ কারণ দেখিয়ে কারখানাটি ১৮-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর পরই শ্রমিকরা দুপুর ১২টার পর মহাসড়ক অবরোধ করেন। পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।