চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক বাংলাদেশী এক নারী ও তার চার বছরের শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ফরিদপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৩১/১ এস এলাকা দিয়ে সুমাইয়া আক্তার নামে ওই নারী তার চার বছরের ছেলেকে নিয়ে ভারতের প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। ৭১ বিএসএফ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের একটি টহল দল সেখানে মা ও শিশুকে আটক করে। পরে বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিতে সম্মত হয় বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, চার বছরের শিশুসহ আটক ওই নারীকে নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরে বিজিবি ওই নারী ও শিশুকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে। খবর পেয়ে সুমাইয়া আক্তারের স্বামী থানায় উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।