ঈদের বোনাস পরিশোধ করেছে প্রায় শতভাগ কারখানা। শুধুমাত্র ২টি কারখানা বোনাস পরিশোধ করেনি। এগুলোর মধ্যে একটি লে-অফে আছে এবং অপরটির মালিক দেশে নেই। বৃহস্পতিবার (৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। এ খাতের আরেক সংগঠন বিকেএমইএ জানিয়েছে সংগঠনটির ৯৮ দশমিক ৬৭ শতাংশ সদস্য কারখানার বোনাস পরিশোধ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এক নজরে ৫ জুনের মধ্যে বেতন ভাতা পরিশোধের চিত্র জানিয়েছে বিজিএমইএ। সেখানে বলা হয়েছে পোশাক খাতে সর্বমোট চালু কারখানার সংখ্যা ২ হাজার ৯২টি। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৫০টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৩৪২টি কারখানা। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে শতভাগ কারখানা। মে মাসের বেতন পরিশোধ করেছে ৯৯ দশমিক ৬৭ শতাংশ কারখানা। এর মধ্যে ঢাকায় ৭টি কারখানায় মে মাসের বেতন প্রক্রিয়াধীন। ঈদের বোনাস পরিশোধ করেছে প্রায় শতভাগ কারখানা। শুধুমাত্র ২টি কারখানা বোনাস পরিশোধ করেনি। এগুলোর মধ্যে একটি লে-অফে আছে ও অপরটির মালিক দেশে নেই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিজিএমইএর নির্দেশনা অনুযায়ী ঈদের ছটিতে মহাসড়কগুলোতে যানজট কমানোর জন্য কারখানাগুলো শ্রমিকদেরকে ধাপে ধাপে ঈদের ছুটি দিচ্ছে। যা ৩ মে থেকে শুরু হয়েছে। ৪ মে তেও অনেক শ্রমিক ঢাকা ছেড়েছেন। অবশিষ্ট শ্রমিকরা আজ ৫ মে এর মধ্যে ঈদের ছুটিতে চলে যাবেন।
বিকেএমইএ জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে সংগঠনটির ৯৮ দশমিক ৬৭ শতাংশ কারখানা বোনাস প্রদান করেছে। মে মাসের বেতন পরিশোধ করেছে ৯৯ দশমিক ৩৩ শতাংশ কারখানা।