জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করাও সরকারের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের উপযোগী পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাকেও গুরুত্ব দিচ্ছে সরকার।

বর্তমান সরকারের লক্ষ্য একদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা, অন্যদিকে জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশাও পূরণ করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের উপযোগী পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাকেও গুরুত্ব দিচ্ছে সরকার।

সালাহউদ্দিন আহমদ জানান, দ্রব্যমূল্য যেন কৃত্রিমভাবে বাড়ানো না হয়, সে জন্য সরকার কাজ করছে। এ খাতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি জানান, গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন ও সৃজনশীল উপায়ে ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, সারাদেশে চাঁদাবাজি নির্মূল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। এ কার্যক্রম প্রথমে বিভাগীয় বা বড় শহরগুলো থেকে শুরু করা হবে। এ লক্ষ্য অর্জনে তিনি প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বৈঠকে ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান।

এ সময় অন্যান্যের মধ্যে ডিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. সালেম সোলায়মান এবং সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

আরও