দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। আর জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪২ হাজার ৫৯০ জন।
আজ গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে খুলনা বিভাগে ৩৩৪ জন। এরপর ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) ৩১৬ জন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৩৪১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৩ জন, বরিশাল বিভাগে ১৩৭, রাজশাহী বিভাগে ১১২, ময়মনসিংহে ৮৪, রংপুরে ৫৬ এবং সিলেট বিভাগে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) বাসিন্দা।
বয়সভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২১–২৫ বছর বয়সীরা ২৪৪ জন। এর পরের অবস্থানে ২৬–৩০ বছর বয়সী ২২৫ জন এবং ১৬–২০ বছর বয়সী ২২৪ জন। এছাড়া ১১–১৫ বছর বয়সী ১০২, ৪১–৪৫ বছর বয়সী ৮৮, ৬–১০ বছর বয়সী ৭৯, ৪৬–৫০ বছর বয়সী ৭৭, ৩১–৩৫ বছর বয়সী ১৬০ এবং ৩৬–৪০ বছর বয়সী ১৩৬ জন রোগী ভর্তি হয়েছে। ৫১–৫৫ বছর বয়সী ৫১, ৫৬–৬০ বছর বয়সী ৪২, ৬১–৬৫ বছর বয়সী ২১, ৬৬–৭০ বছর বয়সী ১৪, ৭১–৭৫ বছর বয়সী সাত, ৭৬–৮০ বছর বয়সী পাঁচ এবং ৮০ বছরের বেশি বয়সী ছয়জন রোগীও হাসপাতালে ভর্তি হয়েছে।
লিঙ্গভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে চিত্র ভিন্ন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৫৫ দশমিক ৬ শতাংশ নারী এবং ৪৪ দশমিক ৪ শতাংশ পুরুষ।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৩০০ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মোট ৩৯ হাজার ৪৭৯ জন।