যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সরকারের সাহসী সিদ্ধান্তে বোরোর বাম্পার ফলন

হাতের কালি মুছে যাওয়ার আগেই সরকার কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘ইরান-আমেরিকা যুদ্ধে বিশ্বে জ্বালানি সরবরাহ চ্যালেঞ্জের মধ্যে পড়ে। বাংলাদেশও ঝুঁকির মধ্যে পড়েছিল। তারেক রহমানের তাৎক্ষণিক সাহসী সিদ্ধান্তে ও জনগণের সহযোগিতায় সেই পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে পেরেছি। সরকারের সিদ্ধান্ত ছিল প্রয়োজনে গাড়ির জ্বালানি সরবরাহ বন্ধ রেখে কৃষকের সেচের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার। সিদ্ধান্ত ছিল প্রয়োজনে শহরের মানুষের বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, কিন্তু কৃষকের সেচ পাম্পে বিদ্যুৎ বন্ধ থাকবে না। আমরা কৃষকের ধানখেতে বিদ্যুৎ ও জ্বালানি পৌঁচ্ছে দিতে সমর্থ হয়েছি। সরকারের কৃষকবান্ধব এ সিদ্ধান্তের ফলে সারা দেশে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এ বোরো দেশের মূল ফসল। এটি ভালো হলে দেশের অর্থনীতি ভালো থাকে।’

গতকাল যশোর খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ উদ্বোধনকালে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘হাতের কালি মুছে যাওয়ার আগেই সরকার কৃষক কার্ড প্রদানের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করেছে। যার মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি মূল্যে সব ধরনের কৃষি উপকরণ কিনতে পারবেন। প্রয়োজনে কৃষক স্বল্প সুদে কৃষি ঋণ নিতে পারবেন। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক প্রমুখ।

এদিন দুপুরে যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি নেতারাসহ পৌরসভার কর্মকর্তারা ছিলেন।

আরও