নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগও ওঠে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন বলেন, শনিবার সন্ধ্যায় ওসি প্রত্যাহারের পর চলে গেছেন। তবে কী কারণে প্রত্যাহার করা হয়েছে, তা জানি না। বটতলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় শনিবার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহমেদ পেয়ার বলেন, ওসির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে অংশ নেয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শনিবার রাতে তাকে প্রত্যাহার করা হয়। আপাতত থানার পরিদর্শক (তদন্ত) ওসির দায়িত্ব পালন করবেন।