সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে।
এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে আরেক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, মারুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখে। এ ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।
উল্লাপাড়া মডেল থানার পুলিশ কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একই গ্রামের মারুফ বিন হাবিব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত আকরাম সরকারের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।