ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পান্থকুঞ্জ পার্ক এলাকায় সোনারগাঁও ইএন-২ র্যাম্পের নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেয়া এবং ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে সেতু বিভাগ। একই সঙ্গে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে অর্থসংস্থান নিশ্চিত করা এবং ইউটিলিটি স্থানান্তর ও অপসারণের কাজ দ্রুত এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
আজ বুধবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে (সিসিবি) প্রকল্পের মাসিক অগ্রগতি সভায় এসব নির্দেশনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সভায় জানানো হয়, প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ে শেষ করতে অর্থসংস্থান দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ভিখারুদ্দৌলা চৌধুরী বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডকে (এফডিইই) প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানান। জবাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে অর্থসংস্থান নিশ্চিতে কার্যক্রম চলছে।
প্রকল্পের রুট অ্যালাইনমেন্টের মধ্যে থাকা বিভিন্ন ইউটিলিটি অপসারণ ও স্থানান্তরের কাজও সভায় পর্যালোচনা করা হয়। সেতু বিভাগের সচিব সংশ্লিষ্ট দফতর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার নির্দেশ দেন। এ-সংক্রান্ত অনিষ্পন্ন বিষয়গুলো সমাধানে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের নির্দেশনাও দেন তিনি।
এ সময় ইউটিলিটি স্থানান্তর ও প্রতিস্থাপন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শেখ আহমেদ শাফি জানান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ওয়াসা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। ব্যয় সাশ্রয় করে ইউটিলিটি স্থানান্তর ও প্রতিস্থাপনের কাজ এগিয়ে নেয়ার চেষ্টা করছে ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড (২৪ ইসিবি)।
এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোয় নির্বিঘ্ন ও আধুনিক টোল আদায় নিশ্চিতে ইউনিফায়েড ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানানো হয়।
সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন সোনারগাঁও ইএন-২ র্যাম্পের নির্মাণকাজে গতি বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন। কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ প্রকল্পের অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সরকারের নির্দেশনার আলোকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়।
সভা শেষে প্রকল্পের নির্ধারিত সময়সীমা ও গুণগত মান বজায় রেখে অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন সেতু বিভাগের সচিব। এ জন্য সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।