মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় রিয়াদ রেজা (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় রিয়াদের বন্ধু রোমান (২০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার তেওতা ইউনিয়নের গান্ধাইল গ্রামের রেজাউলের ছেলে।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াদ ও রোমান মোটরসাইকেলে আরিচা থেকে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে আরসিএল মোড়ের কাছে ঢাকা মেট্রো-১৪-২৩৯৪ নম্বরের সেলফি পরিবহনের দ্রুতগতির একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ছিটকে পড়ে ঘটনাস্থলেই রিয়াদ মারা যান।
গুরুতর আহত রোমানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।