বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে আদালত ভবনের নিচতলার (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)।
বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এম এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, আদালত ভবনের নিচতলায় যেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মামলা পরিচালনা করেন, সেখানকার কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের পলেস্তারা হঠাৎ করে খসে পড়ে। এ সময় বারান্দায় দাঁড়িয়ে থাকা সাতজন বিচারপ্রার্থী মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
তিনি আরো বলেন, বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনটি বেশ পুরানো। এই ভবনের অনেকস্থানে ফাটল ধরেছে। ভবনের যেসব স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং ফাটল ধরেছে তা দ্রুত সংস্কার করতে সরকারের গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে বলে জানান এই আইন কর্মকর্তা।
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন বলেন, আদালত ভবনের পলেস্তারা খসে দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কারো আঘাতই গুরুতর নয়।