বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা থেকে রাতে এসব দুর্ঘটনা ঘটে।

বগুড়ার দুপচাঁচিয়া ও সারিয়াকান্দি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা থেকে রাতে এসব দুর্ঘটনা ঘটে।

একটি দুর্ঘটনায় মৃতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ৫ নম্বার ওয়ার্ডের কোর্টপাড়ার মৃত ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে উপজেলা যুবদল সদস্য রফিকুল ইসলাম (৪৫) ও সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী বকুল বানু (৮০)।

সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাহ নেওয়াজ তালুকদার সৈকতকে (৩২) সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে জয়পুরহাট যাচ্ছিলেন রফিকুল। তারা জয়পুরহাট সদর উপজেলার হিমছি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি বাস ধাক্কা দেয়। এতে সৈকত ও রফিকুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের বৃদ্ধা বকুল বানু, সাহেদ আলী (৭৫), আবুল কাসেম (৭৬) ও নার্গিস আক্তার (৩০) একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন। অটোরিকশাটি চৌকিবাড়ি গ্রামের সুখদহ নদীর ওপর নির্মিত সেতুতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে অটোরিকশাটি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা বকুল বানু।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাহেদ আলী, আবুল কাসেম ও নার্গিস আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও