কুষ্টিয়ার আদালত চত্বরে ২০১৮ সালে 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় মাহমুদ হাসান নামে এক সাংবাদিককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (আওয়ামী) সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদ ওই মামলার এজাহারভুক্ত ২৬ নম্বর আসামি।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের যুগিয়া সবজি ফার্ম পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোরাদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের করা একটি মানহানি মামলার বিবাদী হিসেবে কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে যান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ সময় এজাহার নামীয়দের নির্দেশে বাদীকে দিনভর আদালত ভবনে অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে আদালত চত্বরেই তারা মাহমুদুর রহমানের ওপর হামলা করে। সে সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি।
এ ঘটনার ছয় বছর পর গত বছর ১০ অক্টোবর মাহমুদুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসান ও কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনসহ ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগ দেন। পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়।